এইমাত্র পাওয়া

ডাকসু নির্বাচন: ৬ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন ১২৫ শিক্ষার্থী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ষষ্ঠ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে শুধু রোববার ষষ্ঠ দিনে সংগ্রহ করেছেন ৬৪ জন। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন আরও ১০৮ জন।

ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন রোববার (১৭ আগস্ট) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয় সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন।

প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ৬ দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন।

বিতর্কিত ভিপি প্রার্থী জুলিয়াস সিজারের বিষয়ে তিনি বলেন, ‘যেকোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠলে সে বিষয়টি নিয়ে কাজ করার জন্যে কমিটি আছে। জুলিয়াস সিজারের নাম কোন অভিযোগপত্রে নেই, কোনো কিছু প্রমাণিত না হওয়ায় তার প্রার্থীতা থাকছে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৮/২০২৫  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.