কুবিতে র‌্যাগিংয়ের অপরাধে ১২ শিক্ষার্থী এক সেমিস্টারের জন্য বহিষ্কার

কুমিল্লাঃ র‌্যাগিংয়ের অপরাধে ১২ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাতজন ও নৃবিজ্ঞান বিভাগের একই শিক্ষাবর্ষের পাঁচজন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তদন্ত কমিটি গঠন করেছিলাম। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘অভিভাবকের মুচলেকা দিয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।’

উল্লেখ্য, গত ২ জুলাই মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ওই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রক্টরিয়াল বডি বরাবর অভিযোগ করেছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.