শিক্ষা সংস্কার: কারিগরি শিক্ষায় স্নাতকে দুইটি সনদ পাবেন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যেসব সংস্কার করেছে তার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষা সংস্কারে উল্লেখযোগ্য নতুন কিছু নেই। তবে সেখানে বলা হয়েছে, কারিগরি শিক্ষায় অনার্স বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা দুটি সনদ পাবেন।

বুধবার (২৫ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়।

কারিগরি শিক্ষার ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যমান চার বছরের সম্মান প্রোগ্রামকে তিন বছরের অ্যাকাডেমিক কোর্সে পুনর্গঠন করা, আর কারিগরি শিক্ষার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এক বছরের ডিপ্লোমা প্রদান করা হবে। স্নাতকরা দুটি পৃথক সার্টিফিকেট পাবেন, একটি সম্মান ডিগ্রির জন্য এবং অন্যটি কারিগরি ডিপ্লোমার জন্য।

প্রাথমিক শিক্ষার সংস্কার নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলিক চাকরিকালীন প্রশিক্ষণের সময়কাল আগের সরকার দেড় বছর থেকে কমিয়ে এক বছর করেছে। ইইউর অর্থায়নে একটি গবেষণার সুপারিশের পর অন্তর্বর্তী সরকার প্রশিক্ষণের সময়কাল সংশোধন করে ১০ মাস করেছে।

তবে প্রাথমিকের বেসিক প্রশিক্ষণ কোর্স ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন’ ১০ মাসের কোর্স চালু হয়েছে বিগত সরকারের সময়ই। বিদ্যমান কোর্সে ছয় মাস অ্যাকাডেমিক এবং ছয় মাস বিদ্যালয়ে প্র্যাকটিস টিচিং অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনে টেক্সটবুক অ্যান্ড কারিকুলাম নিয়ে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা স্তরের জন্য নতুন পাঠ্যক্রমটি বাতিল করা হলেও প্রাথমিক শিক্ষার জন্য এখনও বলবৎ রয়েছে। আর মাধ্যমিক শিক্ষার বিপরীতে শিক্ষণ এবং শেখার প্রক্রিয়ার একটি মসৃণ ধারাবাহিকতা নিশ্চিত করেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.