এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ফলাফল ঘোষণা করেন।

প্রায় এক যুগ পরে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা গত ৩১ মে দেশের প্রায় ৩০০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৩৩ দশমিক ২৮ ভাগ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৯ জুন তারিখ থেকে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।

ফল ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা।

ওয়েবসাইটে ফল দেখার নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ প্রথমে Admission result 2025 ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইনইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে। সেখানে ফলাফল দেখা যাবে। এছাড়া ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মোবাইল ফোনে এসএমএসে ফল

মোবাইল ফোনে এসএমএস পাঠালেও ফিরতি বার্তায় ফল জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে NUAT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

গত ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরে ৮৭৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ভর্তিচ্ছু।

জানা যায়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে। আট বছর পর তাতে আবারও পরিবর্তন আনা হলো। এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading