নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
এর মধ্যে শনিবার (৭ জুন) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রথম জামাতে মসজিদের ভেতরে ও বাইরে কয়েক হাজার মুসল্লি অংশ নেন।
সকাল ৭টায় এ জামাত শুরু হয় এবং শেষ হয় ৭টা ১০ মিনিটে। প্রথম জামাতে ইমামের দায়িত্ব পালন করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
মুকাব্বির হিসেবে আছেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
এদিকে সকাল সোয়া ৬টার দিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে দেখা যায়, ঈদুল আজহা উপলক্ষে নতুন পাঞ্জাবি-পায়জামা পরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে বায়তুল মোকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করার জন্য আসছেন মুসল্লিরা।
কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে লাইন ধরে মসজিদের ভেতরে প্রবেশ করেন মুসল্লিরা।
মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য বায়তুল মোকাররমের আশেপাশের এলাকায় সতর্ক অবস্থায় রয়েছেন।
নামাজ শেষে অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। এ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহসহ সব মানুষের গুনাহ মাফ চেয়ে দোয়া করা হয়। সব বিপদ থেকে দেশ ও দেশবাসীকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্য মতে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও যে চারটি জামাতের ব্যবস্থা করা হয়েছে, তার মধ্যে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। দ্বিতীয় জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. নাসির উল্লাহ।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. বিল্লাল হোসেন।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আমির হোসেন।
পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামের দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খাদেম মো. জহিরুল ইসলাম।
এসব জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন খাদেম মো. রুহুল আমীন।
শিক্ষাবার্তা /এ/০৭/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
