শ্রীবরদীর আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের গভর্নিং বডির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাধীন আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির (এডহক) পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ পারভীন আজাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, তিনবারের সাবেক সাংসদ মোঃ মাহমুদুল হক রুবেল। 

আরও পড়ুনঃ আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের নতুন সভাপতি ইসরাত জাহান (পান্না)

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম দুলাল এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। পরিচিত ও মতবিনিময় সভায়  আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির (এডহক কমিটি) সভাপতি ইসরাত জাহান (পান্না) সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহমুদুল হক রুবেল বলেন, বিএনপির সরকার সব সময় শিক্ষাবান্ধব সরকার। প্রত্যন্ত অঞ্চলের এই কলেজটির শিক্ষার মানোন্নয়ন আমরা সর্বাত্বক সহযোগীতা করব। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কলেজটি জাতীয়করণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বের সঙ্গে পাঠদানের অনুরোধ জানান এবং সেই সাথে নবগঠিত এডহক কমিটিকে সহযোগিতা করার জন্য কলেজটির সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। 

সভায় কলেজটির গভর্নিং বডির সভাপতি (এডহক) ইসরাত জাহান (পান্না) বলেন, আমি কলেজটির গভর্নিং বডির সভাপতি হতে পেরেছি এই জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রত্যন্ত এই অঞ্চলে শিক্ষার্থীরা যেন এই প্রতিষ্ঠানেই উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে জন্য আমি ডিগ্রি খোলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। তিনি শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ সবাইকে নিয়ে কলেজটির শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। 

উল্লেখ্য, চলতি বছরের গত ১৭ এপ্রিল আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের গভর্নিং বডির (এডহক কমিটি) সভাপতি হিসেবে ইসরাত জাহান (পান্না)কে মনোনীত করে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ইসরাত জাহান (পান্না) নব্বই দশকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত মহিলা ক্রীড়া বিষয়ক সম্পাদিকা পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ছাত্র জীবন থেকে জাতীয়তাবাদী চেতনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম মাওলানা আব্দুর রহমান খন্দকার সাহেবের নাতি।

এর আগে ইসরাত জাহান পান্নাকে গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে শেরপুরের ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির (এডহক) সভাপতি মনোনীত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.