ঢাকাঃ চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত (তত্ত্বীয়) পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে। পরীক্ষা শেষ হওয়ার এক সপ্তাহ পার না হতেই আন্দোলনে নামছেন একদল ফলপ্রার্থী।
তাদের দুই দফা দাবি। প্রথমটি হলো- লিখিত (তত্ত্বীয়) ও বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস-ফেল ও জিপিএ হিসাব করা এবং দ্বিতীয় দাবি সাপ্লিমেন্টারি পরীক্ষা (ফল প্রকাশের কিছুদিন পরই ফেল করা বিষয়ের পরীক্ষা নেওয়া) চালু করা। দুই দফা দাবিতে আগামী রবিবার (২৫ মে) শিক্ষা ভবনের (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দাবি-দাওয়ার সঙ্গে একমত এবং সমাবেশে অংশ নেবেন রাজধানীর একটি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শাহনেওয়াজ পারভেজ। জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ২০১৮ সালের আগে এসএসসিতে আলাদা আলাদা পাস মার্কস ছিল না। এখন লিখিত পরীক্ষায় পাস করলেও এমসিকিউতে ফেল করলে তাকে ফেল দেওয়া হয়। এটা আমরা চাইছি না। আমরা চাই, দুইটা (লিখিত ও এমসিকিউ) মিলিয়ে পাস-ফেল হিসাব করা হোক।
শাহনেওয়াজ বলেন, আমরা ২৫ মে সমাবেশ করবো। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি-দাওয়া জানাবো। আশা করছি, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড আমাদের দাবিগুলো মেনে নিয়ে এবার এসএসসির ফল প্রকাশ করবে।
গত ১০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নিতে ফরম পূরণ করেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী। পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে।
এরপর থেকে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। বৃহস্পতিবার (২২ মে) এসএসসি ও দাখিলের ব্যবহারিক পরীক্ষাও শেষ হয়েছে। তবে ভোকেশনালের বাস্তব প্রশিক্ষণ পরীক্ষা ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
