এইমাত্র পাওয়া

কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তবর্তীকালীন উপাচার্য ড. মো. হজরত আলীর পদত্যাগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। সেই সঙ্গে অতিদ্রুত নতুন উপাচার্য নিয়োগের দাবিও জানান তারা।

বুধবার (২১ মে) দুপুর পৌনে তিনটায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, উপাচার্য প্রতিশ্রুতির মূল্য দিতে ব্যর্থ হয়েছেন। ছাত্র-শিক্ষকদের প্রতি দায়িত্ব পালনে অপারগ হওয়ায় আমরা অনাস্থা প্রকাশ করছি। একই সাথে দাবি জানাচ্ছি দ্রুত সন্মানের সাথে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার।

এ সময় সরকারের প্রতি যোগ্য এবং পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দেয়ার আহ্বান জানান শিক্ষক সমিতির নেতারা।

এদিকে গত সোমবার (১৯ মে) জরুরি কাজের কথা বলে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য। একদিনের মধ্যে ফিরে আসার কথা থাকলেও বুধবার দুপুর পর্যন্ত আসেননি তিনি।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বহিরাগতদের হামলায় কুয়েটের দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা শুরুতে পাঁচ দফা দাবিতে আন্দোলন করলে পরে তা উপাচার্যের পদত্যাগের দাবিতে পরিণত হয়। তাদের আন্দোলনের মুখে সরকার উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব দেয়া হয় ড. মো. হযরত আলীকে।

গত ৪ মে একাডেমিক কার্যক্রম শুরু হলেও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষকরা ক্লাস বর্জন শুরু করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.