পটুয়াখালীঃ স্নাতক মর্যাদার দাবি এবং ঢাকায় আন্দোলনরত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক আটকে দেয়া হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল ১০টায় পটুয়াখালী পৌরশহরের চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের দুপাশে শত শত যানবাহন আটকে পড়েছে। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও রোগীবাহী গাড়ির যাত্রীরা।
দুঘণ্টা অবস্থানের পর নার্সিং ইনস্টিউটের শিক্ষক ও প্রশাসনের হস্তক্ষেপে মহাসড়ক থেকে উঠে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভে নেতৃত্ব দেন নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মরিয়ম আক্তার। তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করছি। ঢাকায় আমাদের সহপাঠীদের ওপর পুলিশের হামলা হয়েছে, তাদের রক্ত ঝরেছে। এটা মেনে নেয়া যায় না। আমাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সকে স্নাতক মর্যাদা দিতে হবে।’
এদিকে সড়ক অবরোধের খবরে ছুটে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজেদুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি শুনে যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন এবং সড়ক ছেড়ে দিতে অনুরোধ জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার বলেন, ‘তাদের দাবিগুলো নিয়ে আমরা আন্তরিকভাবে আলোচনা করব এবং সড়ক যাতে দ্রুত স্বাভাবিক হয় সে ব্যবস্থা নিচ্ছি।’
অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে রাস্তা ছেড়ে দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
