ঢাকার ২ সড়কে আন্দোলনকারীরা, সকাল থেকেই ভোগান্তিতে নগরবাসী

ঢাকাঃ আবাসন, বৃত্তি, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। অন্যদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে গুলিস্তানে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি চলছে। এতে এসব এলাকায় তীব্র জানজটের কারণে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়ক বন্ধ থাকায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা যায়। তাদের কারণে কাকরাইল মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সংশ্লিষ্ট এলাকায় তৈরি হয়েছে যানজট।

এ বিষয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদির বলেন, কাকরাইল মোড়ে অন্তত অর্ধশত আন্দোলনকারী আছেন। তারা রাতভর এখানে অবস্থান করেছেন। কাকরাইল মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের অবস্থানের কারণে এখানকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে তৈরি হয়েছে যানজট। দাবি পূরণ না হাওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে জবি শিক্ষক-শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। বুধবার দুপুর ১২টার পর কাকরাইল মসজিদ এলাকায় লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, পুলিশসহ শতাধিক আহত হন। রাত ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান করছিলেন। এর আগে বিকেলে আটটি বাসে কয়েকশ শিক্ষক-শিক্ষার্থী এসে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন। তাদের মধ্যে ছিলেন জবি উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীনও।

অন্যদিকে বৃহস্পতিবার (১৫ মে) গুলিস্থানে ডিএসসিসির প্রধান কার্যালয় নগরভবনের সামনে ২য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে গুলিস্থান মাজারের দিক থেকে বঙ্গবাজারের দিকের সড়কের দুপাশে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে গেছে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা বলেছেন, ইশরাকের শপথ নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

এর আগে গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকাবাসীর ব্যানারে হাজারো মানুষ গুলিস্তানে নগরভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধনে দাঁড়ান। পরে লোকসমাগম বেশি হলে তারা বিক্ষোভ শুরু করেন। এসময় ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গেল ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.