খুলনাঃ বিস্ফোরণসহ ২ মামলায় চার বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকার পর অবশেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কর্তৃপক্ষের আইনি উদ্যোগে জামিন পেয়েছেন দুই শিক্ষার্থী নুর মোহাম্মাদ অনিক এবং মোজাহিদুল ইসলাম। রোববার খুলনার মহানগর দায়রা জজ শরীফ হোসেন হায়দার তাদের জামিন মঞ্জুর করেন।
খুবির পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু। মামলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করে খুবির লিগ্যাল সেল। অনিক খুবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী এবং মোজাহিদুল পরিসংখ্যান বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর খানজাহান আলী থানা কৃষকলীগ কার্যালয় ও ৫ ডিসেম্বর আড়ংঘাটা থানার গাড়ি রাখার গ্যারেজে বোমা বিস্ফোরণের মামলায় ২০২০ সালের ২৫ জানুয়ারি ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এছাড়া সোনাডাঙ্গা থানায় বিস্ফোরক আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়। একই সময়ে ময়মনসিংহের কোতোয়ালি থানার একটি মামলায়ও আসামি করা হয় তাদের। এর মধ্যে তাদের দু’জনকে সোনাডাঙ্গা থানার বিস্ফোরক আইনের মামলায় ২০ বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের অপর মামলায়ও তাদের ১০ বছরের সাজা হয়। এছাড়া খুলনার খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এবং ময়মনসিংহ জেলায়ও অনিক ও মোজাহেদুলের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে, যেগুলো আদালতে বিচারাধীন। এর মধ্যে খানজাহান আলী ও আড়ংঘাটা থানার মামলা দুটিতে তারা জামিন পেয়েছেন। তবে এখনই মুক্তি মিলছে না তাদের। অন্যান্য মামলা থেকে জামিন পেলেই তারা কারামুক্ত হবেন বলে সংশ্লিষ্ট আইনজীবী নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
