দিনাজপুরঃ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় “দাবি মোদের একটাই, ক্যাম্পাস থেকে ভিসি চাই। ক্যাম্পাস থেকে ভিসি দিতে হবে দিতে হবে। বাইরের ভিসি আসলে, তালা ঝুলবে গেটে” এসব স্লোগান দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত দিনে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে বাইরের ভিসি ছিলো, এজন্য তার কাছাকাছি সাধারণ শিক্ষার্থী এমনকি শিক্ষকরাও কেউ পৌঁছাতে পারেনি ৷ আমরা চাই একজন শিক্ষার্থী বান্ধব ভিসি ৷ এ ব্যাপারে আমরা অনড়৷ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি চাই।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ হলে তিনি পূর্ব থেকেই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ, সংস্কৃতি এবং শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে গভীরভাবে অবগত থাকবেন। ফলে উপাচার্য সহজেই দ্রুততার সঙ্গে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। এছাড়াও নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিষ্ঠানের লক্ষ্য ও ইতিহাস সম্পর্কে জানেন, যার ফলে তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবেন।
শিক্ষকরা বলেন, দীর্ঘদিনের চলার পথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সেরা তাকে ভিসি হিসাবে নিয়োগ দেওয়া হোক। যার কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো। বিগত সময় বাইরে থেকে নিয়োগ পাওয়া ভিসির কাছে আমরা শিক্ষকরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারিনি। তিনি আমাদের দাবিগুলো তুলে ধরার সুযোগও দেননি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৯/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
