বিশেষজ্ঞ ডাক্তার তৈরি হলে চিকিৎসার জন্য বিদেশমুখীতা কমবে: রাষ্ট্রপতি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করা গেলে চিকিৎসা সেবার জন্য বিদেশমুখীতার প্রবণতা হ্রাস পাবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদও দিয়েছেন তিনি।

সোমবার (২৪ জুন) বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস)-এর নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দেয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের ফলে চিকিৎসা বিজ্ঞানেও দ্রুত পরিবর্তন আসছে। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি হলে মূল্যবান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। জনগণও কম খরচে উন্নত চিকিৎসা পাবে।

প্রেস সচিব অধ্যাপক সহিদুল্লা বলেন, বিসিপিএস থেকে ইতোমধ্যে ৮৮১৫ জন চিকিৎসক ফেলোশিপ (এফসিপিএস) এবং ৩৭৯১ জন চিকিৎসক মেম্বারশিপ (এমসিপিএস) লাভ করেছেন।

রাষ্ট্রপতি বিসিপিএস-এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান প্রেস সচিব। সাক্ষাৎকালে বিসিপিএস-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তিনি বিসিপিএস এর একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের সার্বিক প্রক্রিয়া রাষ্ট্রপতিকে অবহিত করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.