নিজস্ব প্রতিবেদক।।
কোটি টাকার দুর্নীতির দায়ে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেনের নামে দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে তার নামে দুটি ব্যাংক একাউন্টে পাওয়া গেছে ১ লাখ ৯২ টাকা। এছাড়াও অভিযুক্ত আফজাল হোসেন ও তার ছোট মেয়ে সুজানা পারভীনের নামে মেহেরপুর প্রধান ডাকঘরে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র রয়েছে। এ তথ্যও তিনি গোপন করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত আফজাল হোসেন স্থাবর ও অস্থাবর সম্পদের যে বিবরণী দাখিল করেছেন, তাতে গোপন করা হয়েছে ৩৮ লাখ ৬৫ হাজার ৭৪৯ টাকা।
মামলা সূত্রে জানা গেছে, আফজাল হোসেনের মোট অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৪৮০ টাকা। তার চাকরির বেতন-ভাতাদিসহ আর্থিক সুবিধা আয়, গৃহসম্পত্তি আয় ও কৃষি আয় রয়েছে। যার মাসিক আয় হিসাব করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের টাকার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ১০ লাখ ১৫ হাজার ৫৩৬ টাকা।
এই সম্পদের বিষয়ে দুদকের অনুসন্ধান টিমের কাছে কোনো প্রকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি প্রধান শিক্ষক আফজাল হোসেন। এই টাকার সম্পদ অর্জন করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যার বিচারের লক্ষ্যে মামলাটি দায়ের করেছে দুদক।
সম্প্রতি মামলাটি রেকর্ড করেছেন দুদক সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম। দুদক আইনে মামলাটির বিচার কার্যক্রম সম্পন্ন হবে বলে দুদক সূত্রে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
