কুষ্টিয়া বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জনবহুল একটি জেলা। এখানে রয়েছে শতাধিক নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কোনো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ নেই।
দু-একটি বে-সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থাকলেও সেগুলোয় পর্যাপ্ত প্রশিক্ষণসামগ্রী ও অবকাঠামোর অভাব রয়েছে বিধায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপাতত বন্ধ ঘোষণা করেছে।
যার ফলে বৃহত্তর কুষ্টিয়ার শিক্ষকদের কষ্ট করে ও বহু অর্থ ব্যয় করে যশোর, পাবনা অথবা রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হয়ে বি.এড ও এম.এড প্রশিক্ষণ নিতে হচ্ছে।
শুধু তাই নয়, যে কোনো প্রশিক্ষণ নিতেও কুষ্টিয়ার বাইরে অনেককে যেতে হয়। জেলায় বিশেষায়িত শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় না থাকায় অনেকে যথাসময়ে প্রশিক্ষণ নিতে ব্যর্থ হচ্ছেন।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অবকাঠামো উন্নয়নে সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এখানে একটি সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় স্থাপন অনেক জরুরি।
অতএব, বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের বহুদিনের কষ্টের দিকে তাকিয়ে এখানে একটি সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় স্থাপন করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর কৃপাদৃষ্টি আকর্ষণ করছি।
লেখা-
মোশতাক মেহেদী : সহকারী প্রধান শিক্ষক,
বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
