ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫২তম সমাবর্তনে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তির সুবিধা ভোগ করবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তন নিয়ে আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এ তথ্য জানান।
অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সমাবর্তনের মূল উৎসব থেকে বঞ্চিত হচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের মূল ভেন্যুতে প্রায় ২১ হাজার শিক্ষার্থীর ধারণক্ষমতা নেই। তাই তাদের ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সমাবর্তনে যোগদান করতে হবে।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনে ৭৯ জন কৃতী শিক্ষিক, গবেষক ও শিক্ষার্থীকে ৯৮টি স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়া ৫৭ জনকে পিএইচডি, ৬ জনকে ডিবিএ এবং ১৪ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের সমাবর্তন বক্তা পদার্থ বিজ্ঞানে নোবেল বিজয়ী ও জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের কসমিক রে বিভাগের অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে মোট ৫১ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। সে হিসাবে অধ্যাপক ড. তাকাকি কাজিতাকে ডক্টরেট ডিগ্রি প্রদানের মাধ্যমে এ সংখ্যা দাঁড়াবে ৫২ জন।
সমাবর্তনের দিন যেসব রাস্তা বন্ধ থাকবে:
সমাবর্তনের দিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিএসসি ক্রসিং থেকে দোয়েল চত্বর, হাইকোর্ট থেকে দোয়েল চত্বর এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে দোয়েল চত্বর পর্যন্ত রাস্তায় যানবহন চলাচল বন্ধ থাকবে।
সমাবর্তনের দিন শাহবাগ থেকে টিএসসি-দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত মেট্রোরেলের সকল কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এছাড়া সমাবর্তনে অংশ নেয়া সকল গ্র্যাজুয়েট, অতিথিদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
