এইমাত্র পাওয়া

এমপিও নীতিমালা সংশোধন কমিটির সভায় উঠছে ৫:২ অনুপাত

শিক্ষকদের ৫:২ অনুপাতের যে বৈষম্য রয়েছে সে বিষয়ে এমপিও নীতিমালা সংশোধন কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে। আগামী সোমবার (৯ ডিসেম্বর) দ্বিতীয়বারের মতো বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সভায় এমপিও নীতিমালার জনবল কাঠামো বিষয়টি বেশি গুরুত্ব পাবে। এর আগে বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো ২০১৮ পর্যালোচনা করে যে সপুারিশ দেয়া হয়েছে সেখানেও এ বিষয়ে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

কমিটির সদস্য ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এডুকেশন বাংলাকে জানান, যথাযথভাবে কাজ করার পরও অভিজ্ঞতা না থাকলে একজন শিক্ষকের বেতন একধাপ নিচে দেওয়া অমানবিক। নন এমপিও প্রতিষ্ঠানের এমপিও যখনই হোক না কেন বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত হলে যোগদানের তারিখ থেকেই অভিজ্ঞতা গণনা উচিত। পদোন্নতির ক্ষেত্রে বিদ্যমান ৫:২ অনুপাত মোটেই যৌক্তিক নয় বলেও তিনি মনে করেন।

অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার আরও বলেন, প্রভাষকরা যোগদানের পরে ৮ (আট) বছর পূর্ণ করলেই তাকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী পদে (সহকারী অধ্যাপক) উন্নিত এবং পরবর্তী ৪ (চার) বছরে পরবর্তী স্তরে পদায়নের প্রস্তাব দেয়া হয়েছে কমিটির প্রথম বৈঠকে। পদায়নের সাথে সাথে বিদ্যমান গ্রেডেও উন্নিত করার প্রস্তাব দেয়া হয়েছে। চাকরি জীবনে ২টির স্থলে ৩টি টাইম স্কেল প্রস্তাব দেয়া হয়েছে। শারীরিক সক্ষমতায় প্রতিষ্ঠান প্রধান হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এসব বিষয়ে আগামী সভায় আলোচনা হবে।

গত বুধবার (৪ ডিসেম্বর) নীতিমালা সংশোধনে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বেসরকারি কলেজের অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও দেয়ার বিষয়ে আলোচনা হয়। কমিটির সকল সদস্য এ বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে গঠিত কমিটি আগামী ১ মাসের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করবেন।

এর আগে গত ১২ নভেম্বর বেসরকারি স্কুল ও কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। এক মাসের মধ্যে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করতে বলা হয়েছে এ কমিটিকে। কমিটিতে ননএমপিও শিক্ষক নেতারাও সদস্য হিসেবে আছেন। স্কুল-কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংস্কারের সুপারিশ করবে এ কমিটি।

কমিটির আহ্বায়ক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ। এছাড়া কমিটিতে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, ঢাকা বোর্ডের কর্মকর্তারা সদস্য হিসেবে আছেন। আর বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায় এ কমিটির সদস্য।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.