এইমাত্র পাওয়া

জাবি উপাচার্যের দুর্নীতির তথ্য-উপাত্ত দেখা হচ্ছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা যে দুর্নীতির তথ্য উপাত্ত আমার কাছে জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে এবং সেগুলো ইউজিসির কাছে আমরা জমা দিবো। ইউজিসি সেটা দেখে যথাযথ কি ব্যবস্থা নেওয়া যায় এবং নিশ্চয়ই তারা একটি ফাট ফাইন্ডিংয়ের ব্যবস্থা করবেন।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র সিআরপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ কখনও আর আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় আনবে না। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে এবং দেশে উচ্চ শিক্ষার হার বাড়ানোর জন্য বর্তমান সরকার অনেক গুলো পদক্ষেপ হাতে নিয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। এবার কাউন্সিলে আমরা নবীন প্রবীণদেরকে মিলিয়ে যুগের সঙ্গে যুগোপযোগী নেতৃত্ব নিয়ে আসবো এবং এবারও প্রবীণের অভিজ্ঞতা- নবীনের শক্তির সাহস সব মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।

এদিকে মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। এছাড়া সিআরপির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপির সকল কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপিতে চলছে নানা অনুষ্ঠানের আয়োজন। শিক্ষামন্ত্রীর সাথে এসময় সিআরপির প্রতিষ্ঠাতা মিস ভেলরী এ টেইলরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.