জামালপুরঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর বখাটেদের হামলায় ৮ ছাত্র আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার ৮ মার্চ রাত ৯টার দিকে জামালপুর শহরের বনপারা এলাকায় নিরিবিলি মেসের সামনে প্রথম দফায় শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। পরে দ্বিতীয় দফায় আবার রাত ১০টায় বনপারা কবরস্থানের সামনে শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় স্থানীয় একদল বখাটে।
আহতরা হলেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান, মনির হোসেন, ফাহিম, রিয়াদ, জোবায়েদ, গুলজার, আব্দুল কাদের জিলানী ও ইউনুস শুভ। তাদের মধ্যে আব্দুল্লাহ আল নোমান ও মনির হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকি শিক্ষার্থীরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শিক্ষার্থীরা জানায়, রাতে চার শিক্ষার্থী চা খেতে বের হয়। এ সময় স্থানীয় কিছু যুবক তাদের পথরোধ করে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তাদের মধ্যে একজন ছাত্রের মোবাইল কেড়ে নেয়। এতে বাকিরা বাধা দিলে তাদের আক্রমণ করে। এ ঘটনায় ঐ বখাটেদের সঙ্গে আরো কয়েকজন স্থানীয় যুবক যুক্ত হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। পরে রাত ১০টার দিকে ঐ যুবকদের কাছে থেকে ফোন ফিরিয়ে নিতে গেলে বখাটে শিক্ষার্থীদের ওপর দলের সদস্যরা সঙ্ঘবদ্ধভাবে ছুরু, কেচি, লাঠি ও ইট দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থী আহত হয়।
আহত শিক্ষার্থী ফাহিম বলেন, সে তার বন্ধু ও দুই ভাইয়ের সঙ্গে রাতে চা খেতে বের হন। এ সময় মেসের সামনেই থাকা কিছু বখাটেরা তাদের পথ আটকে ধরে। তারা কয়েকজন মাতাল অবস্থায় ছিল মনে হচ্ছিল। তখন আপনা-আপনি আমাদের বকাঝকা ও ধাক্কানো শুরু করে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলে আমাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে আমার ফোন কেড়ে নেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক ইউসুফ আলী বলেন, আহত শিক্ষার্থীদের আগে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বলেন, এই ঘটনার পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
