এইমাত্র পাওয়া

সবচেয়ে বেশি নারী স্বাস্থ্য মন্ত্রণালয়ে, কম রেলপথে

ঢাকাঃ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো মধ্যে সবচেয়ে বেশি নারী কর্মরত রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এবং সর্বনিম্ন নারী কর্মরত রয়েছেন রেলপথ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের জেন্ডার বাজেটের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশে মোট কর্মরত রয়েছেন ৫২ হাজার ৮৪৭। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ৮৯৭ এবং নারী ৩২ হাজার ৯৫০। শতাংশের হিসেবে পুরুষ ৩৭.৬ শতাংশ যেখানে নারী ৬২.৪ শতাংশ।

অপরদিকে রেলপথ মন্ত্রণালয়ে মোট কর্মরত রয়েছেন ২৪ হাজার ৩৪৬ যেখানে ২৩ হাজার ৩৬১ পুরুষ থাকলেও নারী রয়েছেন মাত্র ৯৮৫। শতকরা হিসেবে পুরুষ ৯৫.৯ শতাংশ ও নারী ৪.১ শতাংশ।

সারা বিশ্বের ন্যায় আজ দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সরকারি চাকরিতে যখন দিনে দিনে নারীদের সংখ্যা বাড়ছে তখন রেলপথ মন্ত্রণালয় চলছে সম্পূর্ণ উলটোপথে। রেলপথ মন্ত্রণালয়ের এমন বিমাতাসুলভ আচরণ নারীদের জন্য হতাশাজনক।

অপরদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হলেও শীর্ষস্থানীয় ও নীতিনির্ধারণী পদে নারীর সংখ্যা কম। মাঠ পর্যায়ে নারীর সংখ্যা বেশি। অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে মোট কর্মরত রয়েছেন ১৫৮ জন। যেখানে পুরুষ ১৩৭ ও নারী মাত্র ২১ জন কর্মরত। পরিবার পরিকল্পনা বিভাগ (প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে) কর্মরত রয়েছেন ৪০ হাজার ২০৯ জন। যেখানে পুরুষ ১১ হাজার ৩৬৫ এবং নারী ২৮ হাজার ৮৪৪। এখানে সংখ্যায় নারীরা এগিয়ে আছেন কেননা মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের সিংহভাগই নারী।

চিকিৎসা শিক্ষা বিভাগ (প্রধান কার্যালয় এবং মেডিকেল কলেজ, ম্যাটস এবং আইএচটি) মোট কর্মরত রয়েছেন ৯ হাজার ৭০১, যেখানে পুরুষ ৬ হাজার ৭৮৮ এবং নারী ২ হাজার ৯১৩। নার্সিং এবং মিডওয়াইফারি বিভাগে কর্মরত রয়েছেন ২ হাজার ৩৫৯ জন। যেখানে পুরুষ ১ হাজার ৩১৯ এবং নারী ১ হাজার ৪০।

রেলে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ। আগে থেকেই রেলওয়েতে পুরুষের আধিপত্য চলে আসছে ফলে নারীদের সংখ্যা বাড়ছে না বলে জানিয়েছেন রেলওয়ে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.