এইমাত্র পাওয়া

দেশের সব মসজিদে একই পদ্ধতিতে তারাবির নামাজ পড়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে খতম তারাবির নামাজে একই পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। আজ শুক্রবার (৮ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতম তারাবিতে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা দেখা যায়।

এর ফলে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে কোরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। তাঁদের মধ্যে অতৃপ্তি ও মানসিক চাপ দেখা যায়। কোরআন খতমের পূর্ণ সওয়াব থেকেও তাঁরা বঞ্চিত হন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমন পরিস্থিতি নিরসন করতে রমজান মাসের প্রথম ছয় দিনে মসজিদে কোরআনের দেড় পারা করে মোট ৯ পারা ও বাকি ২১ দিনে ১ পারা করে মোট ২১ পারা তিলাওয়াত করতে বলা হয়।

এমনটি করা হলে ২৬ রমজান দিবাগত রাতে- অর্থাৎ পবিত্র শবেকদরে কোরআন খতম করা সম্ভব হবে। দেশের সব মসজিদের খতিব, ইমাম, মসজিদ কমিটি, মুসল্লি এবং সংশ্লিষ্ট সবার প্রতি এই নিয়মে খতম তারাবি পড়তে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুরোধ করা হয়।
আজ পবিত্র শাবান মাসের ২৬ তারিখ। শাবান মাস ২৯ দিনে হলে আগামী সোমবার রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং মঙ্গলবার ভোররাতে সাহরি খেতে হবে।

এ ক্ষেত্রে মঙ্গলবার দেশে প্রথম রোজা হবে। আর শাবান মাস ৩০ দিনে হলে আগামী মঙ্গলবার রাতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে এবং বুধবার ভোররাতে সাহরি খেতে হবে। এ ক্ষেত্রে দেশে আগামী বুধবার প্রথম রোজা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.