রাবিতে ‘এ’ ইউনিটে ভুল প্রশ্নপত্র, অতিরিক্ত ৫ নম্বর পাচ্ছেন ভর্তিচ্ছুরা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রে তিন নম্বর সেটের প্রশ্নে চারটি ভুল পাওয়া গেছে। এ কারণে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে ওই শিফটের ১৮ হাজার পরীক্ষার্থী মোট নম্বরের সঙ্গে ৫ নম্বর পাবেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন – সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, কলা অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, চারুকলা অনুষদের ডিন এবং আইইআরের পরিচালক।

বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক খাদেমুল ইসলাম উল্যাহ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

অধ্যাপক একরাম উল্যাহ বলেন, ‘রাবি ভর্তি পরীক্ষার মানবিক ইউনিটের দ্বিতীয় শিফটে তিন নম্বর সেটে প্রশ্নপত্রের ৩, ১৪, ১৬ এবং ১৭ নম্বর প্রশ্নে গরমিল পাওয়া গেছে। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। সুতরাং ওই গ্রুপের সব শিক্ষার্থীর উত্তরপত্রের সঙ্গে ৫ নম্বর যোগ হবে। ভর্তিচ্ছুরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রে তিন নম্বর সেটের প্রশ্নে ৪টি ভুল পাওয়া যায়। প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের তিন নম্বর সেটের প্রশ্নপত্রের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে ৫টি করে অপশন দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.