ঢাকাঃ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ কৃতিত্ব অর্জনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৮১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দ্বিতীয়বারের মতো কৃতী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করে বুয়েট কর্তৃপক্ষ।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর এই শিক্ষার্থীদের ক্রেস্ট ও সদন প্রদান করে। এছাড়া শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেওয়ার জন্য ৮ জন শিক্ষককেও সম্মাননা দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করা হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছি। গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রণোদনা ফান্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি অবদান রাখতে পারে সেজন্য পর্যায়ক্রমে এই ফান্ড বাড়ানো হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই বুয়েটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকেও প্রতিনিধিত্ব করবে তোমরা। তোমাদের যেসব বন্ধু গবেষণায় পিছিয়ে আছে তাদেরকে এসব কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।”
ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. রূপক মুৎসুদ্দির সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন ইনস্টিটিউট ও পরিদপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
