রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মানবিক ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটের প্রশ্নপত্রে তিন নম্বর সেটের প্রশ্নে চারটি ভুল পাওয়া গেছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ঐ ইউনিটের দ্বিতীয় শিফটের প্রশ্নপত্র বিশ্লেষণ করে এ ভুল দেখা যায়।
প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায়, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফটের তিন নম্বর সেটের প্রশ্নপত্রের ৩ ও ১৭ নম্বর প্রশ্নে চারটি অপশনের জায়গায় মাত্র দুটি অপশন এবং ১৪ ও ১৬ নম্বর প্রশ্নে পাঁচটি করে অপশন দেখা গেছে।
প্রশ্নপত্রের বিষয়ে জানতে চাইলে ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সোলাইমান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন ভুল মোটেও কাম্য নয়। কারণ, এই প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির সঙ্গে সরাসরি জড়িত। আর যেসব প্রশ্ন আসলে ভুল হয়েছে সেগুলো কীভাবে মূল্যায়ন করা হবে? মূলত ভর্তি পরীক্ষার বিষয়গুলো এমন মানুষদের দেওয়া উচিত যারা এ বিষয়ে অনেক অভিজ্ঞ।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, যদি কোনো প্রশ্নপত্রে ভুল থাকে তাহলে ‘এ’ ইউনিটের সব অনুষদের ডিন বিষয়টি নিয়ে বসবেন। কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। সাধারণত এমন হলে শিক্ষার্থীরা প্রশ্নের মান অনুযায়ী নম্বর পেয়ে যায়। তবে প্রশ্নপত্র তৈরিতে কারো গাফিলতি ছিল কিনা অনুষদের ডিনরা সেটি খতিয়ে দেখবেন
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
