সাতক্ষীরাঃ জেলার আশাশুনিতে এক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৬ মার্চ) ভোরে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে গুরুতর আহত হয়েছেন আরো এক শিক্ষার্থী।
নিহত দুই শিক্ষার্থী হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এসময় গুরুতর আহত হয়েছেন একই এলাকার তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯)। বর্তমানে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ তিন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ থেকে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা অনুষ্ঠানে যোগ দেন। এরপর ভোরে কালীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় ও নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের পিলারে সজোরে ধাক্কা লেগে রাস্তার নিচে পানিতে পড়ে যায়।
ঘটনাস্থলেই নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। এ সময় গুরুতর আহত হন কর্নেল ঘোষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন এই ব্রিজের ঠিকাদার দীর্ঘদিন যাবত এখানে আংশিক কাজ করে ফেলে রেখেছেন। যা খুবই বিপজ্জনক। প্রায়ই এখানে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও একটা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
