শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী শুক্রবার এক যুক্ত বিবৃতিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে হিজাব না পরায় নয়জন শিক্ষার্থীর চুল কেটে দেওয়া শিক্ষক রুমিয়া সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি হিজাব না পরায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির নয়জন শিক্ষার্থীর চুল কেটে দিয়েছেন শিক্ষক রুমিয়া সরকার। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে এবং যে শিক্ষার্থীদের চুল কাটা হয়েছে তাদের স্কুলের প্রতি এক ধরনের ট্রমা তৈরি হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং উদ্বিগ্নতা প্রকাশ করেন। একশো বছর আগে এই দেশে বেগম রোকেয়া নারীমুক্তির লক্ষ্যে নারীদের শিক্ষার উপর জোর দেন ও কুসংস্কারগ্রস্ত অবরোধের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। বেগম রোকেয়া সেই একশো বছর আগে বলেছিলেন, বোরকা বা হিজাব শুধুমাত্র একটি পোশাক নয়, এর সাথে একটি পশ্চাদপদ চিন্তাও যুক্ত হয়ে আছে যা নারীর আত্মপ্রকাশকে বাধাগ্রস্ত করে।
স্বাধীনতার পর থেকেই সকল শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিপরীতে দেশ চালিয়েছে। ধর্মের রাজনৈতিক ব্যবহার দিন দিন বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় মূল্যবোধ কমেছে অন্যদিকে ধর্মকে ব্যবহার করে নানা ধরনের স্বার্থসিদ্ধি করা হয়েছে এবং ধর্মকে আনুষ্ঠানিকতা ও পোশাকী বিষয়ে সীমাবদ্ধ করা হয়েছে। এসবেরই ফলাফল প্রকাশিত হয় এই নিন্দাজনক ঘটনার মধ্য দিয়ে।
নেতৃবৃন্দ শিক্ষক রুমিয়া সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
