নিজস্ব প্রতিবেদক।।
যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার এক শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, আপনি মোহাম্মদ মুরাদ হোসেন সরকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর দিবা শাখায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে এবং এ বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে আপনাকে ২৪ ফেব্রুয়ারি থেকে অধ্যক্ষ কার্যালয়ে সংযুক্ত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
কলেজ সূত্র জানায়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে কোচিংয়ে যৌন হয়রানির ঘটনা উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকরা। পরে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। যার প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়ার কথা জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে কল করা হলেও রিসিভ করেননি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
