তুরস্কের সহায়তায় নির্মিত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ জিবুতির সবচেয়ে বড় মসজিদ। এটি কেবল জিবুতিই নয় বরং পূর্ব আফ্রিকার বৃহত্তম মসজিদ। ২৯ নভেম্বর, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটির উদ্বোধন হয়।
মসজিদটি উদ্বোধনের সময় জিবুতির প্রধানমন্ত্রী আব্দুল কাদের কামিল মোহাম্মদের সঙ্গে উপস্থিত ছিলেন তুরস্কের সংসদ স্পিকার মুস্তফা সেনটপ।
উসমানীয় সাম্রাজ্যের ৩৪তম সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ এর নামে মসজিদটির নামকরণ করা হয়। এটি নির্মাণে ৪ বছর সময় লাগে। তুরস্কের দিয়ানেত ফাউন্ডেশনের অর্থায়নে এটি তৈরি করা হয়।
এই মসজিদে একসঙ্গে ৬ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। উসমানীয় সাম্রাজ্যের স্থাপত্যের অনুকরণে এটি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের স্পিকার সেনটপ জানান, তুরস্ক এবং জিবুতির প্রেসিডেন্ট এই মসজিদ তৈরির পরিকল্পনা করেছিলেন। পরবর্তীকালে মুসলিম দুটি দেশের মধ্যে ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এটি নির্মাণ করা হয়।
প্রসঙ্গত, ২০১৫ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিজেব তাইয়েপ এরদোয়ান পূর্ব আফ্রিকার ছোট দেশ জিবুতি সফর করেন। সেসময় তিনি দেশটির প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েল্লেহর সঙ্গে সাক্ষাত করেন। দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তির সঙ্গে এই মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল।
এদিকে দ্বিতীয় আব্দুল হামিদ মসজিদটিকে তুরস্কের পক্ষ থেকে জিবুতির জনগণের জন্য উপহার হিসেবে উল্লেখ করেন দেশটির মুসলিম সংস্কৃতি এবং ওয়াকফবিষয়ক মন্ত্রী মুমিন হাসান বারেহ।
উল্লেখ্য, পূর্ব আফ্রিকার ছোট একটি দেশ জিবুতি। দেশটির শতকরা ৯৮ ভাগ মুসলমান। এখানকার অধিবাসীরা আরবি এবং ফরাসি ভাষায় কথা বলে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
