নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্তি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়ি ভাড়ার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচী ঘোষণা দিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
সংগঠনটির ব্যানারে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও দাবি আদায়ে তারা আরও কঠোর কর্মসূচিরও হুমকি দিয়েছেন। আগামী ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শুক্রবার সকালে ঢাকার পুরানা পল্টনস্থ মুক্তিভবনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি এবং শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে এপ্রিলে শিক্ষাভবন ঘেরাও ও স্মারকলিপি পেশ করা হবে। জাতীয়করণের দাবি আদায় না হলে মে মাসে ঢাকা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুমকি দেয়া হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকরা ২০০৪ সাল থেকে মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন। দীর্ঘদিন ধরে তারা শতভাগ উৎসব ভাতা দাবি করে আসছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লবের পরিচালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি সুশান্ত ভাওয়াল, সহ-সাধারণ সম্পাদক মো. আছমান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক শান্তি ভূষণ দেবনাথ, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, দপ্তর সম্পাদক রাজিয়া সুলতানা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. ফয়েজুল হক ফয়েজ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
