টাঙ্গাইলঃ জেলার সখিপুর উপজেলার ‘পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর সহকারী শিক্ষক জেবুন নাহার শিলা। গত বছরের ২৪ জানুয়ারি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। গত এক বছরে শিলা স্কুলে পাঠদান করিয়েছেন মাত্র ৫৪ দিন।
জেবুন নাহার শিলার আরও একটি পরিচয় আছে। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি। যদিও গঠনতন্ত্র অনুযায়ী চাকরিরত কোনো সদস্য ছাত্রলীগের পদধারী হতে পারেন না, তবে শিলা আছেন বহাল তবিয়তে। কর্মস্থল টাঙ্গাইলে হলেও থাকেন ইডেনের আবাসিক হলে।
বর্তমানে শিলা মেডিক্যাল ছুটি কাটাচ্ছেন। তবে প্রতিনিয়ত তাকে দেখা যায়, রাজনৈতিক কর্মসূচিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনে সমন্বয়কের দায়িত্ব পালনও করেছেন এই স্কুল শিক্ষক।
এদিকে তার ক্লাসের ‘ঘানি’ টানছেন স্কুলের অন্য শিক্ষকরা। অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ছুটি কাটাচ্ছেন শিলা। এক বছরে স্কুলের অনেক শিক্ষার্থী চেনে না ‘শিলা ম্যাডামকে’।
পশ্চিম কালিদাস পানাউল্লা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২৩ সালের ২৪ জানুয়ারি যোগদানের পর থেকে আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) পর্যন্ত জেবুন নাহার শিলা ক্লাস নিয়েছেন মাত্র ৫৪ দিন। ১০ সেপ্টেম্বরের পর থেকে তাকে আর স্কুলে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে একজন শিক্ষক না থাকায় চাপ পড়েছে অন্য শিক্ষকদের ওপর। শিলার ক্লাস বিদ্যালয়ের পাঁচ শিক্ষক বণ্টন করে নিয়েছেন। এতে প্রতিদিন প্রত্যেক শিক্ষককে বাড়তি ক্লাস নিতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন চন্দ্র সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘১০ সেপ্টেম্বর থেকে শিক্ষক শিলা আর স্কুলে আসেননি। ওই শিক্ষক স্কুলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি।’
এ বিষয়ে রাজনৈতিক কোনো চাপ আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই মাস পর পর শুধু চিকিৎসার জন্য ছুটির আবেদনে স্বাক্ষর করেছি। এর বাইরে কিছুই বলতে পারবো না।’
সখীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাফিউল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমে ওই শিক্ষিকা আমার কাছে তিন মাসের ছুটির আবেদন করেন। ছুটি শেষ হলে এটি আরও তিন মাস বর্ধিত করতে আবেদন করেন। আমি তার আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাই।’
শিক্ষক জেবুন নাহার শিলার মেডিকেল ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্র কুমার। তিনি বলেন, ‘মেডিকেল ছুটি কাটাচ্ছেন শিলা। তবে ওই শিক্ষকের বেতন বন্ধ রাখা হয়েছে।’
মেডিক্যাল ছুটিতে থাকলেও প্রতিনিয়ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায় শিক্ষক জেবুন নাহার শিলাকে। ইডেন কলেজের আবাসিক হলে থেকে এখনও মিছিল-মিটিং করেন তিনি। এ বিষয়ে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা দেশ বলেন, ‘কমিটি গঠনের সময় হয়তো শিলার ছাত্রত্ব ছিল। পরবর্তী কমিটি গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি বিবেচনা করবে।’
তবে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে শিলা জানিয়েছেন তিনি চাকরি থেকে অব্যহতি দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তিনি বলেন, ‘শিলা ওই চাকরি থেকে অব্যহতি নিয়েছেন বলে আমরা জানি। আর সে ইডেনে মাস্টার্স শেষ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কোর্সে মাস্টার্স করছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
তবে এসব বিষয় পরোয়া করেন না জেবুন নাহার শিলা। তার ভাষ্যমতে, বিভিন্ন সময়ে তাকে নিয়ে সংবাদ প্রকাশ হলেও তার কিছুই হয়নি। এবারও কিছুই হবে না। শিলা বলেন, ‘নিয়ম মেনেই চলছি। মেডিকেল ছুটিতে রয়েছি। আর আপনারা বিগত সময়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ করেছেন কিছুই হয়নি, এখনও হবে না।’
জেবুন নাহার শিলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন পাটওয়ারী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
