রাজশাহীঃ” রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অধিভুক্ত নার্সিং কলেজগুলোর বিএসসি কোর্সের (পোস্ট বেসিক) প্রথম ও দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এ জন্য পরীক্ষা স্থগিত করে দেয়া হয়েছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ২১টি কলেজের পরীক্ষার্থীরা রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে ১৮টি কেন্দ্রে এই পরীক্ষা দিতে বসতেন। তাদের সব বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষা স্থগিত করা হয়।
রামেবিতে প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত বগুড়া সরকারি নার্সিং কলেজের শিক্ষক আবদুল বারী সরকার, মোস্তানুর সুলতানা ও গুলনাহার খাতুন প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ পড়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। একইসঙ্গে ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে।
বগুড়া সরকারি নার্সিং কলেজের অধ্যক্ষ আরশে আরা বেগম বলেন, ‘আমাদের আরও কয়েকজন শিক্ষক এই প্রশ্নপত্র করার সময় ছিলেন। তাদের মধ্যে তিন জনের ব্যাপারে মন্ত্রণালয় অভিযোগ পেয়েছে যে তারা প্রশ্ন ফাঁস করেছেন। সেই জন্য গত বৃহস্পতিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গঠন করা তদন্ত কমিটির চিঠিতে বিষয়টি আমি জানতে পেরেছি।’
রামেবির উপাচার্য অধ্যাপক এ. জেড. এম মোস্তাক হোসেন বলেন, ‘প্রশ্ন কীভাবে ফাঁস হয়েছে তা জানতে মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রামেবির প্রতিনিধিও রাখা হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে। আপাতত প্রশ্নপত্র তৈরির সঙ্গে সম্পৃক্ত তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে বলা হয়েছে। পরীক্ষা পরে হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
