নানা আয়োজনের মধ্য দিয়ে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এক কমিউনিটি সেন্টারে এ উৎসবের আয়োজন করা হয়। হেমন্তের শেষে বাঙালির ঘরে ঘরে যখন নতুন চালে পিঠার ধুম চলে ঠিক সেই ঐতিহ্যকে ধারণ করে হাজার মাইল দূরে থেকেও প্রবাসী বাঙালিদের এই উৎসব ছিল অত্যন্ত সৌহার্দপূর্ণ। ওসাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণারত প্রবাসী বাঙালিদের উদ্যোগে এ আয়োজনে স্থান পেয়েছিল পাটিসাপটা, তেল পিঠা, নকশিপিঠা, চিতই পিঠাসহ আরও কয়েক পদের পিঠা। এসব পিঠার কারিগরদের অধিকাংশ পিঠা তৈরি করার কোনো অভিজ্ঞতা নেই। ইউটিউবে রন্ধন ভিডিওর মাধ্যমে মধ্যরাত পর্যন্ত এসব পিঠা বানানো হয়েছিল বলে অংশগ্রহণকারীরা জানান।
তাদেরই একজন ইমরুল তুষার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে গবেষণার ব্যস্ততার ফাঁকে এ ধরনের উৎসব আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়। আমি মায়ের হাতে পিঠার স্বাদ অনেক মিস করি। কিন্তু কোনোদিন পিঠা তৈরি করিনি, কিন্তু সেদিন তেলপিঠা তৈরি করার চেষ্টা করেছি।’ ওমর ফারুক ও মিথুন সাহার মতে, এ ধরনের অনুষ্ঠান আমাদের পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা বাড়িয়ে দেয়। দেশের বাইরে থাকলেও এ পিঠা উৎসব আমাদের বাঙালিয়ানার ঐতিহ্যকে তুলে ধরছে। জসিম উদ্দিন বলেন, আমরা খুবই আনন্দিত যে সবার উপস্থিতিতে সফলভাবে শীতকালীন এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি। আশা করি সবার ঐকান্তিক সহযোগিতায় আগামী দিনগুলোতে এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে বন্ধুত্ব আরও বেশি মজবুত করতে পারব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
