এইমাত্র পাওয়া

ভর্তি পরীক্ষা না দিয়েও মেধা তালিকায়!

কথায় বলে, গাছে না উঠতেই এক কাঁদি! পরীক্ষা না দিয়েই পাস! পাস তো পাস, একেবারে মেধা তালিকায় ১২তম স্থান। অবাক করা এ ব্যাপারটি ঘটেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায়। অবশ্য সংশ্নিষ্ট ইউনিট প্রধান এটাকে জালিয়াতি কিংবা ভুল বলে অভিমত দিয়েছেন।

গত ৮ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ছিলেন মেধা তালিকায় ১২তম হওয়া এই শিক্ষার্থী। কেন্দ্রীয় সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে। কেন্দ্রের সিট প্ল্যানের পাওয়া তথ্য অনুযায়ী ভর্তি পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। বাবার নাম মো. রেজাউল করিম। ভর্তি পরীক্ষায় রোল নম্বর ২০৬০৫০। তবে ওই দিনের পরীক্ষায় উপস্থিতির তালিকায় স্বাক্ষরের ঘরে সাজ্জাতের স্বাক্ষর নেই। তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। কিন্তু ১২ নভেম্বর প্রকাশিত ‘বি’ ইউনিটের ফলে দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিটে (মানবিক) মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।

‘বি’ ইউনিটের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. শামীমুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ওই কেন্দ্রে কোনো শিক্ষার্থী ভুলবশত অথবা জালিয়াতির উদ্দেশ্যে অনুপস্থিত শিক্ষার্থীর রোল লিখেছে। অবশ্য কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের অবহেলার কারণেও এটা ঘটতে পারে। এ বিষয়টি আমাদের নজরে আসার পর ভাইবায় ওই শিক্ষার্থীকে আটক করার সিদ্ধান্ত হয়। কিন্তু সে ভাইবা দিতেও আসেনি। এখানে ভর্তি পরীক্ষা কমিটির কোনো দায় থাকতে পারে না। আমরা নিরাপত্তার স্বার্থেই বিষয়টি কমিটির সদস্যদের মধ্যে গোপন রেখেছি।’

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আমরা অনুপস্থিত শিক্ষার্থীর রোল নম্বর ফলাফল প্রকাশের পরে জানতে পেরেছি। এরপর ইউনিটের সদস্যদের নিয়ে বিষয়টি খতিয়ে দেখি এবং সাক্ষাৎকারের সময় অনুপস্থিত থাকায় তাকে আমরা ধরতে ব্যর্থ হই।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, অনুপস্থিত শিক্ষার্থীর নাম মেধা তালিকায় চলে আসার বিষয়টি আমি জানতে পেরেছি। সংশ্নিষ্ট ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.