মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাছুমা আক্তার মুক্তার একটি প্রশংসনীয় কাজের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন ওই শিক্ষিকা।
ভাইরাল হওয়া ভিডিওতে ওই শিক্ষিকার বেশ কিছু ব্যতিক্রমী ও প্রশংসনীয় কার্যক্রম দেখা যায়। স্কুলের কোমলমতি শিশুদের আদর করে করে ক্লাসে ঢোকাতে দেখা যায় ওই শিক্ষিকাকে। ভিডিওতে দেখা যায়, তিনি ছোট ছোট শিক্ষার্থীদের হ্যান্ডশেক করে এবং তাদেরকে আদর করে কাছে টেনে অভিবাদন জানিয়ে ক্লাসে ঢোকাচ্ছেন।
ভিডিওটি অনলাইনে ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে শেয়ার হচ্ছে এবং প্রশংসিত হচ্ছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে অনেকেই নানা ইতিবাচক মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানাই। এ রকম শিক্ষক প্রতিটি স্কুলে যদি থাকে, তাহলে সুশিক্ষিত ও সুনাগরিক দ্রুত তৈরি হবে।’
এ বিষয়ে জানতে চাইলে সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাছুমা আক্তার মুক্তা বলেন, ‘আমি চাই স্কুলে এসে বাচ্চারা যেন আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে। স্কুলের প্রতি আগ্রহী ও আন্তরিক হয়। আমি তাদেরকে ক্লাসে এবং ক্লাসের বাইরেও বিভিন্নভাবে পড়ালেখা ও ক্লাসের প্রতি মনোযোগী হতে উদ্বুদ্ধ করি।’
সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভাসিনী মোহন্ত বলেন, ‘আমাদের সহকারী শিক্ষিকা মাছুমা আক্তার মুক্তার শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার এমন প্রশংসনীয় কার্যক্রমে আমরাও প্রশংসিত হয়েছি। আগে যেসব শিক্ষার্থী নিয়মিত স্কুলে আসতে চাইত না, তারাও এখন নিয়মিত স্কুলে আসছে।’
এ বিষয়ে জুড়ী উপজেলা শিক্ষা অফিসার মন্তোষ কুমার দেবনাথ বলেন, ‘এটা আমাদের শিক্ষাব্যবস্থার জন্য খুবই সুখকর বিষয়। আমরা খুবই আনন্দিত হয়ে বলছি যে প্রাথমিক শিক্ষাকে আরও বেশি উদ্বুদ্ধ করার জন্য এমন কার্যক্রম যেন ছড়িয়ে পড়ে। এমন সৃজনশীল কার্যক্রম দেশের প্রাথমিক শিক্ষাকে আরো উন্নত ও আকর্ষণীয় করবে।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
