জয়পুরহাটঃ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আজ রবিবার ও সোমবার জয়পুরহাট জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের অনেক স্কুল ছুটির নির্দেশনার কথা জানেন না। এসব বিদ্যালয়ে সকালে খোলা ছিল। শিক্ষার্থীরাও বিদ্যালয়ে এসেছিল।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মন্ডল বলছেন, মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলছেন, বিদ্যালয় খোলা থাকবে। তবে পাঠদান বন্ধ থাকবে।
এদিকে বিদ্যালয় ছুটি ঘোষণার পর সকাল সাড়ে নয়টায় আক্কেলপুর উপজেলা সদরের ফজরউদ্দিন (এফইউ) পাইলট উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় খোলা রয়েছে। শিক্ষার্থীরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছেন। প্রধান শিক্ষক আব্দুল মতিনকে তার কক্ষে পাওয়া যায়নি। তবে সহকারী শিক্ষক আব্দুর রউফ জানান, বিদ্যালয় ছুটির কথা আমাদের কেউ জানায়নি। এ কারণে বিদ্যালয় খোলা রয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচ থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় পুরাপুরি বন্ধ আর প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ কথা বলেছেন সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা এমন প্রশ্নে জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তা যে নির্দেশনা দেবেন সেটিই হবে।
জয়পুরহাট ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন রবিবার (২১ জানুয়ারি) সকালে জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে প্রাথমিক বিদ্যালয় ছুটির নির্দেশনা রয়েছে। জেলার আজকের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় জয়পুরহাট জেলা প্রশাসক (ডিসি) স্যারের সঙ্গে আলোচনা করে রবিবার ও সোমবার বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে নওগাঁর বদলগাছি আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্ট অপারেটর আরমান হোসেন বলেন, বদলগাছিতে সকালের তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখানে জয়পুরহাটের তাপমাত্রা রের্কড হয় না। বদলগাছি ও জয়পুরহাট খুবই কাছাকাছি এলাকা। সেহেতু জয়পুরহাটের তাপমাত্রা একটু কম-বেশি হতে পারে।
এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার শঙ্কায় ২১ ও ২২ জানুয়ারি (রবিবার ও সোমবার) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাদপ্তর। আর রোববার (২১ জানুয়ারি) সকালে কুড়িগ্রামের তাপমাত্রা সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় দ্বিতীয় দফায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
