এইমাত্র পাওয়া

কুড়িগ্রামে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ জেলায় রবিবার (২১ জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্য প্রবাহ। ফলে আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এর আগে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম জানান, ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নামায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ ও আগামীকাল বন্ধ থাকবে। তাপমাত্রা বাড়লে খোলা হবে।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় জয়পুরহাটেও রোববার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি) জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার শঙ্কায় ২১ ও ২২ জানুয়ারি (রোববার ও সোমবার) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাদপ্তর।

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) জানিয়েছিল তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে এলে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত আদেশে এমন নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকরা ওইসব জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.