বগুড়াঃ জেলার প্রাক-প্রাথমিকের বেশিরভাগ শিক্ষক ডিসেম্বর মাসের বেতন এখনও পাননি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সাব-কম্পোনেন্ট ‘প্রাক-প্রাথমিক শিক্ষা’র আওতায় প্রাক-প্রাথমিকের শিক্ষকরা নিয়োগ পান।
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের সফটওয়্যার ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমের (আইবাস) মাধ্যমে তাদের বেতন হয়ে আসছিল। সেটির জটিলতা এবং নতুন বরাদ্দে মাসের হিসাবের গরমিল হওয়ায় ডিসেম্বরের বেতন পেতে জটিলতা তৈরি হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বলছে, এ বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন, উপজেলা শিক্ষা অফিস থেকে আমাদের প্রধান শিক্ষকের কাছে মেসেজ পাঠানো হয়েছে। সেখানে আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করার কথা বলা হয়েছে।
সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম কবির বলেন, আমার উপজেলায় ৮১ জন প্রাক-প্রাথমিকের শিক্ষক রয়েছেন। তাদের কেউই এখনও বেতন পাননি। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, আমার উপজেলায় ১০৫ জন শিক্ষক এখনও ডিসেম্বর মাসের বেতন পাননি। এমন অন্য উপজেলাতেও হয়েছে। আমরা আজকেও বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।
শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানও প্রাক-প্রাথমিকের শিক্ষকদের বেতন না পাওয়ার কথা জানান। তিনি বলেন, আমার উপজেলায় ৫১ জন প্রাক-প্রাথমিকের শিক্ষক রয়েছেন। আইবাসের ত্রুটির কারণে তারা ডিসেম্বর মাসের বেতন পাননি।
এ বিষয়ে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমার জানামতে বগুড়ার কয়েকটি উপজেলার প্রাক-প্রাথমিকের শিক্ষকরা ডিসেম্বর মাসের বেতন পাননি। আইবাসের ত্রুটি এবং বরাদ্দে মাসের গরমিলের কারণে এ সমস্যা হয়েছে। আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আগামী সপ্তাহে শিক্ষকরা বেতন পেয়ে যাবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
