ঢাকাঃ দেশের ১০ গবেষককে ‘ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ফেলোশিপ মনোনয়নবিষয়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান উপস্থিত ছিলেন।
ফেলোশিপপ্রাপ্ত ১০ গবেষক হলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল আমিন নূরী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ড. শেখ মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফিরোজা আক্তার খানম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরাবান তহুরা ও অধ্যাপক ড. গুলশান আরা।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. মো. তরিকুল ইসলাম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফারহীন হাসান, প্রিমিয়ার ইউনিভার্সিটির ড. শহীদ মো. আসিফ ইকবাল, বরেন্দ্র ইউনিভার্সিটির ড. সুলতানা রাজিয়া এবং বৃন্দাবন সরকারি কলেজের ড. সুভাষ চন্দ্র দেব।
সভায় ইউজিসি চেয়ারম্যান ড. মুহাম্মদ আলমগীর বলেন, দেশে মানসম্মত গবেষণা পরিচালনার জন্য ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ দিচ্ছে। ইউজিসি এ সহায়তার পরিধি আরও বাড়াবে। পাশাপাশি ফেলোশিপপ্রাপ্তদের গবেষণার ফল মূল্যায়নও করা হবে। গবেষণা ও গবেষণার কাজের ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইউজিসি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ২০২৩- এর জন্য দেশের বিভিন্ন পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাস) এবং সরকারি কলেজের ৩০ জন গবেষক আবেদন করেছিলেন। নীতিমালা অনুযায়ী আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রকাশনা, গবেষণার শিরোনাম, সারসংক্ষেপ, সুপারভাইজারের সুপারিশের ভিত্তিতে ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
