গোপালগঞ্জঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবারের নির্বাচনে অনেক চক্রান্ত-ষড়যন্ত্র ছিল। দেশের ভেতরে-বাইরে এখনো ষড়যন্ত্র চলছে।
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেকে চেয়েছিল, হুকুমের দাস কাউকে ক্ষমতায় বসাতে। বাংলাদেশের মানুষ তার জবাব দিয়েছে। খালেদা জিয়া বলেছিল, ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আর আমি প্রধানমন্ত্রী দূরে থাক, বিরোধীদলীয় নেতাও হতে পারব না। কিন্তু তার অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে যায়, আর সেটা তার জন্যই প্রযোজ্য হয়ে যায়।
শেখ হাসিনা বলেন, বিএনপি যে নির্বাচন করবে, তার নেতা সামনে নেতৃত্বে নেই বলে নির্বাচন করতে চায়নি, বানচাল করতে চেয়েছিল। তাদের শান্তিপূর্ণ মিছিল-মিটিংয়ে আমরা বাধা দেইনি। কিন্তু ২৮ অক্টোবর তাদের আসল রূপ বের হলো।
বিএনপির কার্যালয়ে তালার বিষয়ে তিনি বলেন, ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে’ গাইতে গাইতে কী রিজভী তালা ভাঙছিল! পুলিশ তালা লাগালে তো সিলগালা থাকতো। তালাও বিএনপি নিজেরা দেয়, চাবিও নিজেরা হারায়। আসলে এই নাটকগুলো করে করে মানুষকে কিছুদিনের জন্য ধোকা দেয়া যায়, সবসময়ের জন্য না। রিজভী কি তখন ‘হাম দো নো চাবি হো’ গাইতে গাইতে তালা ভাঙছিল!
এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবগঠিত মন্ত্রিসভার প্রথম অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাড়িতে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে অনানুষ্ঠানিক এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুর ১২টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়।
এরপর নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫- এর ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।আজ প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। রোববার (১৪ জানুয়ারি) তার অপর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যাবেন। এদিন বিকেল ৩টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। সেখানে নেতাকর্মীদের সঙ্গে দুপুরের খাবারও খাবেন শেখ হাসিনা। পরে তিনি সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ, শিরোনাম, ছবি ও ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
