কুষ্টিয়াঃ রূপালী খাতুনের বয়স এখন ২৫ বছর। তবে তাঁর শারীরিক উচ্চতা মাত্র দুই ফুট। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তবে এ প্রতিবন্ধিতা তাঁর পড়ালেখা বন্ধ করতে পারেনি। টিউশনি করে ২০১৯ সালে স্নাতক সমমানের ফাজিল ডিগ্রি অর্জন করেছেন। নিপুণ হাতে করতে পারেন সেলাইয়ের কাজও। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিয়েছেন কম্পিউটার প্রশিক্ষণ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হিজলাকর গ্রামের বাসিন্দা রূপালীর শারীরিক প্রতিবন্ধিতা শিক্ষার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তবে এর প্রভাব পড়ছে কর্মজীবনে প্রবেশ করতে গিয়ে। চেষ্টা করেও কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। তাঁকে নিয়ে বৃদ্ধ বাবা কফিল মোল্লা, মা জয়নুব খাতুনসহ ভাই আবু দাউদ মোল্লা আছেন উৎকণ্ঠায়।
রূপালীর ভাষ্য, চাকরির পরীক্ষাগুলো ঢাকায় হয়। কয়েকবার আবেদন করেও শারীরিক সমস্যার কারণে যেতে পারেননি। জেলা শহরে কয়েকটা পরীক্ষায় অংশগ্রহণ করলেও সুপারিশ করার কেউ না থাকায় চাকরি হয়নি। পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছেন।
জানা গেছে, স্থানীয় পাথরবাড়িয়া হিজলাকর দাখিল মাদ্রাসা থেকে দাখিল ও কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল ডিগ্রি করেছেন রূপালী। কাপড় সেলাই ও টিউশনি করে রিকশা ও ভ্যানে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতেন। পরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি প্রশিক্ষণও নিয়েছেন।
তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে রূপালী সবার ছোট। বার্ধক্যজনিত কারণে তাঁর বাবা কাজ করতে পারেন না। ভাইয়ের সংসারে বৃদ্ধ মা-বাবার সঙ্গে আছেন তিনি। নানাভাবে চেষ্টা করেও যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না। সম্প্রতি সরেজমিন দেখা যায়, মাটির ঘরের বারান্দায় সেলাইয়ের কাজ করছেন রূপালী।
রূপালী বলছিলেন, নানা প্রতিবন্ধকতা জয় করে শিক্ষিত হয়েছেন তিনি। তবুও চাকরি না পেয়ে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ভাইয়ের সংসার বোঝা হয়ে আছেন। বাবা ও মা এবং ভাইয়ের ভাষ্য, শারীরিক প্রতিবন্ধী রূপালীকে নিয়ে তাঁরা অথৈ সাগরে পড়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তিনি যোগদানের পর রূপালীকে প্রতিবন্ধী ভাতার আওতাভুক্ত করেছেন।
তিনি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করলে যোগ্যতা অনুযায়ী প্রতিবন্ধী কোটায় পাবেন বলে প্রত্যাশা ইউএনও মো. মাহবুবুল হকের।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
