জাহাঙ্গীরনগরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবন থেকে অবসরে গেছেন। রোববার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে শেষ কর্মদিবস ছিল তার।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংবিধি অনুযায়ী চাকরির বয়স পূর্ণ হওয়ায় স্বাভাবিক নিয়মে অধ্যাপক ফারজানা অবসরে যান বলে বিশ্ববিদ্যালয় ও নৃবিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম নিয়োগ পান ২০১৪ সালে। এরপর আচার্যের মনোনয়নে ২০১৮ সাল থেকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। তবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বপালন কালে অধিকতর উন্নয়ন প্রকল্পে দুর্নীতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করলেও উপাচার্য হিসেবে দ্বিতীয় মেয়াদ সম্পন্ন করেন। ২০২২ সালের ১ মার্চ তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার মাসখানেক পর উপাচার্য ভবন ত্যাগ করেন ফারজানা ইসলাম।
অধ্যাপক ফারজানা ইসলাম ১৯৮৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০০৬ সালে অধ্যাপক হন তিনি।
অবসরে যাওয়ার অনুভূতি জানতে অধ্যাপক ফারজানা ইসলামের মোবাইলফোনে একাধিকবার কল দিলেও তিনি ধরেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
