এইমাত্র পাওয়া

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু, ফি ১০৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে আগামী ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তিবিষয়ক ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাবিতে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করবেন, শুধু তারাই ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা। বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রুপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট ও ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবেন।

৮ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষা। ভর্তি পরীক্ষা শেষ হবে ৯ মার্চ।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে চারটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট এবং চারুকলা ইউনিট। ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.