ময়মনসিংহঃ জেলার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় হঠাৎ পায়ের রক্তনালি ব্লক হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয় তাঁর। তীব্র ব্যথা ও ফোলা নিয়ে এর পর অনেকদিন চিকিৎসা করালেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে চিকিৎসকরা সোনিয়ার দুটি পা-ই কেটে ফেলেন। এর পর অদম্য ইচ্ছাশক্তির জোরে প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন অনার্সে পড়েন সোনিয়া। তবে এ বয়সেও মায়ের কোলে চড়ে কলেজে যাতায়াত করতে হয় তাঁর। দরিদ্রতার কারণে পরিবার কৃত্রিম পায়ের ব্যবস্থা করতে পারছে না।
সোনিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের উজানচর নওপাড়া গ্রামে। বর্গাচাষি বাবা রইছ উদ্দিন। গত মঙ্গলবার মায়ের কোলে চড়েই কলেজে সোনিয়া এসেছিলেন মডেল টেস্ট পরীক্ষা দিতে। সোনিয়া বলেন, ‘পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে বাবা মায়ের দুঃখ লাঘব করে তাদের মুখ উজ্জ্বল করতে চাই। কিন্তু মায়ের এখন বয়স হয়েছে। আমাকে কোলে নিতে তাঁর অনেক কষ্ট হয়। সরকারি কোনো সংস্থা বা বিত্তবান কেউ যদি দুটি কৃত্রিম পা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে আমার স্বপ্ন আরও সহজে পূরণ করতে পারতাম।’
সোনিয়ার মা শিউলি বেগম বলেন, ‘ওর বাবা অসুস্থ। ছোটবেলায় মেয়েটার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে। আমাদের সামর্থ্য নেই কৃত্রিম পা লাগিয়ে দেব। বাড়ি থেকে অন্তত ১৫ কিলোমিটার দূরে কলেজ। মেয়েকে কোলে নিয়ে ক্লাসরুমে দিয়ে আসতে হয়। কৃত্রিম পা হলে ওর কষ্ট কমত। মেয়ের ইচ্ছা সরকারি চাকরি করার। তাই সরকারের প্রতি আকুল আবেদন, যেন আমার মেয়েকে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেন।’
সোনিয়ার কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফরিদা ইয়াসমিন বলেন, সোনিয়া অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান বলেন, ‘সোনিয়ার অদম্য আগ্রহ দেখে আমরা অভিভূত। অনার্স কোর্স সম্পন্ন করতে কলেজের পক্ষ থেকে সোনিয়াকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পড়াশোনা শেষে তার একটি কর্মসংস্থানের জন্য সরকারের কাছে আবেদন করছি।’
ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা দিয়েছে। কলেজ অধ্যক্ষের সঙ্গে কথা বলে মেয়েটির কোনো সুযোগ-সুবিধার প্রয়োজন হলে আমরা ব্যবস্থা করব।’ সমকাল
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
