সরকারি হাইস্কুলে ভর্তি পরীক্ষায় এবার নতুন পদ্ধতির প্রশ্নপত্র করা হবে। সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের পরিবর্তে অল্পকথায় বা এককথায় উত্তর দেয়ার মতো প্রশ্ন থাকবে। এছাড়া থাকবে শূন্যস্থান, টেবিল/চার্ট, সমস্যা সমাধান/ধাঁধা ইত্যাদি। এবারও দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি করা হবে সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে।
রাজধানীর ৩৯টি সরকারি হাইস্কুলে ১ ডিসেম্বর ভর্তির আবেদন কার্যক্রম শুরু হচ্ছে। অনলাইনে ১৪ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকার বাইরে আরো প্রায় ৩০০ সরকারি হাইস্কুলে একই সময়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
মাউশি অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, শিক্ষার্থী মূল্যায়নে অধিকতর স্বচ্ছতা নিশ্চিতে প্রশ্নপদ্ধতিতে এই পরিবর্তন আনার পদক্ষেপ নেয়া হয়েছে। কেননা সৃজনশীল বা রচনামূলক উত্তরের ক্ষেত্রে নম্বর প্রদানে পরীক্ষকভেদে ভিন্নতা হতে পারে। প্রশ্ন নির্দেশিকা ইতিমধ্যে সারা দেশে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ভর্তির সুবিধার্থে ঢাকার স্কুলগুলোকে এবারও তিন ভাগে ভাগ করা হয়েছে। আবেদন একসঙ্গে নেয়া হলেও পরীক্ষা হবে তিন ভাগে। এর মধ্যে ‘ক’ গ্রুপের স্কুলের পরীক্ষা ১৮ ডিসেম্বর, ‘খ’ গ্রুপের ১৯ এবং ‘গ’ গ্রুপের পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারও ভর্তিতে প্রথম ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে না। প্রথম শ্রেণিতে লটারি আর নবম শ্রেণিতে জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির লটারি করা হবে ২৪ ডিসেম্বর।
রাজধানীর ৩৯টি হাইস্কুলে এবং তিনটি স্কুলের মধ্যে (তিনটি) ফিডার শাখার বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ৪২টি হাইস্কুল সমানভাবে ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রুপে ১৪টি করে ভাগ করা হয়েছে। এবারও রাজধানীর মোট ১৬টি হাইস্কুলে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। বাকি স্কুলগুলোর কোনোটি দ্বিতীয় আবার কোনোটি তৃতীয় বা ষষ্ঠ শ্রেণি থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়। এবার প্রথম শ্রেণিতে প্রায় ২ হাজার এবং অন্য শ্রেণিতে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি ফরমের দাম এবারও ১৭০ টাকাই থাকছে। আবেদন কার্যক্রম পরিচালিত হবে টেলিটকের মাধ্যমে। এজন্য টেলিটকের gsa.teletalk.com.bd শীর্ষক ওয়েবসাইটে যেতে হবে। ভর্তি সংক্রান্ত সব তথ্য মাউশি (www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল