শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার শিক্ষাবার্তা”য় পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা’র কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভ ও সদস্য সচিব অদিতি ইসলাম বলেন, “গত ৩ ডিসেম্বর রাতে বিজয় একাত্তর হলের গেস্টরুমে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী হাবিবকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের কর্মসূচিতে বেশ কয়েকদিন যাবত অংশগ্রহণ না করার ‘অভিযোগে’ তাকে এই নির্যাতনের শিকার হতে হয়৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবকটি আবাসিক হলের নিত্তনৈমিত্তিক চিত্র এটি। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যে অন্যায় শাসন বহাল রেখেছে তার একনিষ্ঠ লাঠিয়াল বাহিনী হিসেবেই ছাত্রলীগ আজকে ক্যাম্পাসে এরুপ ত্রাসের সংস্কৃতি জারি রেখেছে। আমরা অনেক আগে থেকেই বলে এসেছি, আবাসন সংকটকে জিম্মি করে শিক্ষার্থীদের জোরপূর্বক দলীয় কর্মসূচিতে নেওয়া ও তার পরিপূরক গেস্টরুম নির্যাতনের যে চর্চা ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন করে আসছে তা বিশ্ববিদ্যালয় ধারণার সাথে সাংঘর্ষিক। এ ধরণের কর্মকাণ্ড শিক্ষার্থীদের স্বাধীন সত্তার বিকাশ ও মুক্তবুদ্ধি চর্চার পথকে রুদ্ধ করে দেয়। তা সত্ত্বেও বারংবার এধরনের ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের উদাসীনতা এর জন্য সম্পূর্ণরুপে দায়ী।”
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, হলগুলিতে মনিটরিং সেল গঠনসহ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদ কার্যকর করে নিয়মিত সভা আয়োজন করার দাবি জানান। একই সাথে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত হল-ক্যাম্পাস নির্মাণের জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শিক্ষার্থীদের প্রতি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
