নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩১ লাখ নির্বাচিত বই বিতরণ করছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় ‘স্ট্রেনদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম’ এর অধীনে ‘পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ১৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ লাখ শিক্ষার্থীর হাতে এই বই তুলে দেয়া হচ্ছে।
রবিবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বই স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি ও পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি প্রকল্পের টিম লিডার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ‘স্ট্রেনদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম’ এর স্কিম পরিচালক প্রফেসর সৈয়দ মইনুল হাসান, ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি) এর ন্যাশনাল প্রোগ্রাম কো অর্ডিনেটর ও অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম এবং অতিরিক্ত সচিব আবদুন নূর মুহম্মদ আল ফিরোজ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীরা যেন তাদের মন ও বয়সের উপযোগী সুন্দর, সুখপাঠ্য এবং উন্নত মানের বই পড়ার মাধ্যমে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সে উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃক পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির বইয়ের তালিকায় রয়েছে বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সবচেয়ে সুন্দর ও উপভোগ্য সব বই। ছাত্রছাত্রীদের বই পড়ার উৎসাহ বাড়িয়ে তোলার জন্য রয়েছে বিপুল সংখ্যক পুরস্কারের ব্যবস্থা। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে ১০০ থেকে ১৭৫ জন ছাত্রছাত্রীকে পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি ছাত্রছাত্রীরা বিভিন্ন শ্রেণিতে বাংলাদেশের মুক্তি সংগ্রামের অর্জন ও ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবনী ও বঙ্গবন্ধু বিষয়ক ২৬টি বই সহ ৮৮টি বই পাঠের সুযোগ পাবে।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় এক হাজার ডিজিটাল (পিডিএফ) বইয়ের সহজে বিতরণযোগ্য একটি সংগ্রহ তৈরি হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা লাইব্রেরি রুম নেই, সেসব প্রতিষ্ঠানে আলাদা লাইব্রেরি রুম প্রতিষ্ঠা হবে। পাশাপাশি যে সব শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি নিষ্ক্রিয়, সে সব প্রতিষ্ঠানে লাইব্রেরি চালু হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরো
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
