সুনামগঞ্জঃ জেলার মধ্যনগর উপজেলার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ চুইয়ে পানি পড়া, বিভিন্ন স্থানের পলেস্তারা খসেপড়া, ভিমে ফাটলসহ নানা কারণে এসব বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম চলছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
মধ্যনগর উপজেলায় নেই প্রাথমিক শিক্ষা অফিস। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে মধ্যনগর উপজেলার কার্যক্রম পরিচালিত হয়। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগরে ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের মধ্যে ৭টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ। বিদ্যালয়গুলোর ভবনের বিভিন্ন স্থানে ফাটল, পলেস্তারা খসে পড়া ও ছাদ চুইয়ে পানি পড়া, মেঝেতে ফাটল হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। জরাজীর্ণ এই ভবনগুলো হচ্ছে রাজেন্দ্রপুর, ঢুলপুসি, চান্দালি পাড়া, কাহালা, আমজোড়া, ঘাসী ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ঢুলপুষি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীউল কিবরিয়া তালুকদার বলেন, দেয়াল ও ছাদে ফাটল, দরজা, জানালা, মেঝে, সিঁড়ি ও টয়লেট ভেঙে গেছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। মেরামতের জন্য এলজিডি প্রাক্কলন করলেও আজ পর্যন্ত অনুমোদন হয়নি। নতুন ভবন জরুরি প্রয়োজন। অন্যথায় যে কোনো দিন দূর্ঘটনা ঘটতে পারে। চান্দালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল বারেক বলেন, বিদ্যালয়ের ভবনটির অবস্থা খুবই নাজুক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, মধ্যনগর উপজেলার ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অবগত আছেন। দুই মাস আগে জরাজীর্ণ ভবনের তালিকা ও নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, জরাজীর্ণ ভবনের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এসব বিদ্যালয়ে ভবন নির্মাণের বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
