এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

ঢাকাঃ চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা অব্যাহত আছে। তবে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে। বিএনপি-জামায়াতসহ শরিক দলগুলোর হরতাল-অবরোধ কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উদ্বিগ্ন। তারা বলছেন, হরতাল-অবরোধে শিক্ষার্থীদের স্কুলে না আসার নিয়ম থাকলেও পরীক্ষার সময় তা মেনে চলা কঠিন। ফলে বাধ্য হয়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং হরতাল-অবরোধের বিরতির দিন মঙ্গলবার পরীক্ষা নিচ্ছে। তবে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান হরতাল-অবরোধের মধ্যেও পরীক্ষা নিচ্ছে।

এদিকে হরতাল-অবরোধে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। তারা বলছেন, কোনো অভিভাবকই চায় না কোমলমতি শিক্ষার্থীরা রাজনৈতিক সহিংসতার শিকার হোক। গত কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় সন্তানদের নিয়ে উৎকণ্ঠায় আছেন তারা।

সময়মতো পরীক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবনের দাবিতে মঙ্গলবার রাজধানীর তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রাজধানীর ইস্কাটনের প্রভাতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মগবাজার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন করে। মগবাজার মোড়ে মানববন্ধন করে ইস্পাহানি বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন করে রাজধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলছে, ‘আমরা সময়মতো পরীক্ষা দিতে চাই, ক্লাস করতে চাই, শিক্ষার উপযোগী পরিবেশ চাই।’ এর আগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা নিরাপদ শিক্ষার পরিবেশের দাবিতে মানববন্ধন করেছিল।

চলমান হরতাল-অবরোধের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে বার্ষিক পরীক্ষা। প্রতি সপ্তাহে রোব, সোম, বুধ ও বৃহস্পতিবার হরতাল-অবরোধ কর্মসূচি থাকায় ব্যাপকভাবে পরীক্ষা ব্যাহত হচ্ছে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, ‘৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। এ জন্য শুক্র, শনি ও মঙ্গলবার এই তিন দিন এখন পরীক্ষা নেওয়া হচ্ছে। তবে যেসব ক্লাসে বিষয় বেশি, ঝুঁকি নিয়ে সেসব ক্লাসে অন্যদিনও পরীক্ষা নেওয়া হচ্ছে। অভিভাবকদের বলা হয়েছে, তারা যেন সন্তানদের নিরাপদে স্কুলে নিয়ে আসেন।’

নাম প্রকাশ না করার শর্তে ভিকারুননিসার এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘পরীক্ষা চলাকালে যাতে সহিংস রাজনৈতিক কর্মসূচি দেওয়া না হয়, সে জন্য মানববন্ধন করে আমরা আমাদের উদ্বেগের কথা বলেছি। সন্তানরা যাতে নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারে, আনন্দের সঙ্গে বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় অংশ নিতে পারে সেই দাবি জানিয়েছি। তাদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় সে দাবিও জানিয়েছি।’

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি জিয়াউল কবির দুলু বলেন, ‘একদিকে ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে, অন্যদিকে সহিংস রাজনৈতিক কর্মসূচি দেওয়া হচ্ছে, এভাবে চলতে পারে না। আমাদের দাবি, রাজনৈতিক দলগুলোকে শিক্ষার্থীদের কথা চিন্তা করতে হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.