এইমাত্র পাওয়া

আইডিয়ালে এডহক কমিটির সভাপতি হলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিয়মিত গভর্নিং বডির কমিটি নির্বাচন করতে না পারায় সপ্তমবারের মতো এডহক কমিটি দেওয়া হয়েছে রাজধানীর আলোচিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। বর্তমান কমিটির মেয়াদের শেষের দিনে এই কমিটি দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. রবিউল ইসলামকে। কমিটির মেয়াদ হবে ছয় মাস। এর মধ্যে গভর্নিং বডির নির্বাচন করে নতুন কমিটির কাছে দায়িত্ব তুলে দেবেন তারা।

রবিবার (১৮ নভেম্বর) ঢাকা  শিক্ষা বোর্ড থেকে এই এডহক কমিটি করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এই কমিটি ছয় মাস প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন করে দেবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র শিক্ষক শাহেলী পারভীন, অভিভাবক প্রতিনিধি ড. এ কে এম কুদরত ই হাসান, পোষ্য প্রতিনিধি তাহমিদ হাসান। কমিটির সদস্য সচিব হিসেবে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, বর্তমান কমিটি মেয়াদ আজ রোববার শেষ হয়েছে। এর মধ্যে আজ নতুন এডহক কমিটি দেওয়া হলো। নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বর্তমান গভর্নিং বডি ছিল আলোচিত সমালোচিত। ১৩ জনের পরিচালনা কমিটির সাতটি পদই ছিল শূন্য। এরই মধ্যে স্কুলের একজন ছাত্রীকে বিয়ে করে পদত্যাগ করেন দাতা সদস্য খন্দকার মুসতাক আহমেদ। মেডিকেল পরীক্ষায় প্রশ্নফাঁসে গ্রেপ্তার হওয়া সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মাকসুদা আক্তার মালা কারাগারে। অভিভাবক সদস্য (কলেজ) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার কারাগারে। তিনি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। আরেকজন অভিভাবক প্রতিনিধি সোহেল আহম্মেদ সিদ্দিকী গত বছরের ৮ মে মারা যান। প্রতিষ্ঠানটির শিক্ষক প্রতিনিধি রোকনুজ্জামান শেখ গত ১২ মার্চ স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনিও নিয়ম অনুযায়ী গভর্নিং বডিতে থাকতে পারেনি।

কিন্তু এ পদগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠানের মাধ্যমে বিদায় জানানো হয় বর্তমান কমিটিকে। সদ্য সাবেক গভর্নিং বডি নানা কারণে বিতর্কিত ছিল।

ভোটার জটিলতা, দাতা সদস্যের তালিকাসহ নানা জটিলতায় গভর্নিং বডির নির্বাচন করা সম্ভব হয়নি। এর মধ্যে এডহক কমিটি করতে শিক্ষাবোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মিজানুর রহমান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.