এইমাত্র পাওয়া

প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মৌসুমি খাতুন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (২৩ নভেম্সবর) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমি নন্দলালপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় ওয়ারেছিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার ও প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, সকালে প্রেমিক আলামিনের সঙ্গে ঝগড়া করে বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয় মৌসুমি। পরে মৌসুমির মা অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় প্রতিবেশীদের ডাক দিলে তারা এসে দরজা ভেঙ্গে ফেলে।

এ সময় মৌসুমিকে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে নামিয়ে ডাক্তারের কাছে নেওয়ার পথে সে মারা যায়। পরে বিকেল ৩ টায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রেমিক আলামিনকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।

শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আসলাম আলী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আলামিনকে থানায় নিয়ে আসা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.